দেলোয়ার হোসেন শিকদার
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ বাজারে গত ২৪ মার্চ বিকেলে ঘুম থেকে ডেকে নিয়ে মিজানুর রহমান নামে এক যুবককে আড়াইগঞ্জ বাজারে শত মানুষের সামনে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় । পরে পুলিশ খবর পেয়ে মুমূর্ষ অবস্থায় মিজানুরকে হাসপাতালে পাঠায়। ওই দিন রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর মারা যায়। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা গা ঢাকা দেয়। পরে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুর রহমান মুন্সি তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত এপ্রিলের ৪ তারিখে এজাহারনামীয় দুই নম্বর আসামি ঢালজোড়া এলাকার নিয়ত আলীর ছেলে আলিম (৩৮) কে সাভারের লালটেকি এলাকা হতে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর আলীম হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। মামলার অপর আসামি ঐ একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মোহাম্মদ আলীকে(৬২) কে কালিয়াকৈর এর ঢালজোড়া হতে ১ মে গ্রেপ্তার করে।গ্রেফতারের পর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে উক্ত মামলায় গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীও হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুর রহমান মুন্সি বলেন, এ পর্যন্ত মিজানুর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এবং তিনি আরও বলেন আসামিরা যত চতুরই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং নিহত মিজানুর রহমানের পরিবার যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal