মোঃশরিফ হোসেন,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মেহেদী নামের এক কিশোর। সোমবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেদী নানুপুর এলাকার হেলাল বেপারীর ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
ঘটনার পরপরই নানুপুর এলাকায় অভিযান চালিয়ে বরকতকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে মেহেদী ও বরকত তাদের বন্ধুদের সঙ্গে গ্রামে ডাব চুরি করতে যান। এ সময় বরকত তার পরনের প্যান্টের বেল্ট খুলে নিচে রেখে গাছে উঠেন। মেহেদী ও তার আরেক বন্ধু তা লুকিয়ে ফেলেন।
গাছ থেকে নেমে বেল্ট না পেয়ে বরকত মেহেদীকে অনেকবার বেল্টটি ফেরত দিতে অনুরোধ জানান। এরপরও না দিলে তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান। পরে আজ রাতে মেহেদীকে একা পেয়ে বরকত ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন।
এ সময় মেহেদীর ডাকচিৎকারে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় বরকতকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আর্জেন্টিনা ব্রাজিল নয় কোমরের বেল্ট নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
projonmo21.com Popular bangla online newsportal