সর্বশেষ :
Home / সারাদেশ / ২৫ বছর ধরে পেনশনের টাকায় চলছে জলঢাকার অনাথ আশ্রম চাঁদমনি

২৫ বছর ধরে পেনশনের টাকায় চলছে জলঢাকার অনাথ আশ্রম চাঁদমনি

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

এতিম কন্যা শিশুদের শিক্ষার প্রসার, স্বাবলম্বী করে গড়ে তোলাসহ সমাজ সচেতনতায় অবিরাম কাজ করে চলছেন নীলফামারীর জলঢাকা উপজেলার চাঁদমনির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ পিজিরুল আলম দুলাল।

 

শুরু থেকেই উপজেলার দুস্থ নারী কল্যাণ সংস্থা চাঁদমনি বাল্যবিয়ে রোধ, নারী নির্যাতন, যৌতুকের বিরুদ্ধে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠানটির নিত্যদিনের কাজ হলো গ্রামগঞ্জে ভ্রাম্যমাণ পাঠাগার সহ সামাজিক সচেতনতা সৃষ্টি করা। এ ছাড়া আবাসিক ছাড়াও অনাবাসিক সব ধর্মের দরিদ্র ও অনাথ পরিবারের মেয়েদের পড়াশোনায় সহযোগিতা দেন প্রতিষ্ঠানটি।

নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামের স্কুল শিক্ষক মোসলেম উদ্দিন আহমেদ ও পিয়ারা আহম্মেদ এর সন্তান আলহাজ্ব পিজিরুল আলম দুলাল। তার এলাকায় দুলাল হাজী বা ‘চাঁদমামা’ নামে পরিচিত।তিনি অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাস করেন। কর্মময় জীবনে তিনি উত্তরা ব্যাংকের এজিএম ছিলেন । তিনি

১৯৯৬ সালে ব্যাংকের কর্মময় জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। সংসার জীবনে তিনি ছিলেন নিঃসন্তান।

তার স্ত্রী সৈয়দা মোতাহারা বানু নিঃসন্তান জীবনে জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্ত্রীর জীবদশায় এই নিঃসন্তান দম্পতি এলাকার অবহেলিত পিতৃ-মাতৃহারা অনাথ এতিম কন্যা শিশুদের আলোর পথ দেখানোর জন্য নিজ গ্রামের বাড়ি বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গীতে ১৯৯৯ সালে চাঁদমনি নামে এ আশ্রমটি প্রতিষ্ঠা করেন।।

স্থানীয়রা জানান, হাজী পিজিরুল আলম

দুলাল বৃদ্ধ বয়সেও বিভিন্ন জায়গা থেকে এতিম অসহায় পরিবারের বাচ্চদের খুজেঁ খুজেঁ এনে তার আশ্রমে নিজের সন্তানের মতো যত্ন নিয়ে মানুষ করছেন । তারা বলেছেন, মানুষের অর্থ সম্পদ থাকতে পারে কিন্তু এমন সাদা মন মানুষিকতার লোক দেখিনি। এটি হয়ত আগামী দিনে আমাদের সবার কাছে আদর্শ ও অনুপ্রেরণা জোগাবে।

 

তিনি গত ২৫ বছরে আশ্রমটিতে এ পর্যন্ত প্রায় ১২শত এতিম অনাথ-দুস্থ মেয়ে শিশুর বিনামূল্যে থাকা খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা সহ নিজের পরিবারের মতো সকল সুযোগ সুবিধা প্রদান করেন।

 

বর্তমানে চাঁদমনিতে ৩২ জন আবাসিক ও ১০ জন অনাবাসিক শিশু-কিশোরী রয়েছে। তারা এই আশ্রমের সহযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজে পড়া লেখা করছে। ছোট বাচ্চদের স্কুল যাতায়াতের জন্য নিয়োজিত রয়েছে ২টি অটোভ্যান । চাঁদমনি আশ্রমের ৪জন ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ সহ মোট ৫০৪ জন এসএসসি ও এইচএসসি পাস করেছে। এছাড়া এখান থেকে অনার্স মাস্টার্স পাস করেছে বেশ কয়েকজন নারী। লেখাপড়ার জন্য চাঁদমনিতে নিরিবিলি পরিবেশ, হলরুম, লাইব্রেরি, নামাজ ঘর, টিভি রুম ও প্রত্যেকের ঘরে আছে টেবিল চেয়ার। ক্লাস ছাড়াও বাইরে আছে বই পড়ার সুযোগ।

আজ ২৫ বছর ধরে চাকুরির পেনশনের টাকায় একই নিয়মে চলছে চাঁদমনি।

সমাজকে আলোকিত করতে অবিরত ছুটেন হাজ্বী দুলাল।

শুধু তার প্রতিষ্ঠানে নয়,তুরস্কের সাম্প্রতিক ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের সাহায্যার্থেও এগিয়ে যান তিনি।

তার পেনশনের সব টাকা সহ তার পৈত্রিক ও নিজের প্রায় সবটুকু জমি চাঁদমনি আশ্রমের কাজেই দিয়েছেন। এ ছাড়া চাঁদমনির বর্তমান বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় আট লাখ টাকা। বোন মাসুদা বেগম, ভগ্নিপতি আব্দুল কাদের ও বন্ধুবান্ধব এবং ব্যাংকের সাবেক সহকর্মীসহ বিদেশে অবস্থানরত আত্মীয়রা তাকে প্রতিবছর কিছু অর্থ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা

প্রদান করেন।

তিনি নারী শিক্ষার অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়া, মাদার তেরেসার আদর্শে অনুপ্রাণিত বলে জানান। তাকে চাঁদমামা বলে শিশুরা ডাকে। ডাকটি মধুর হলেও ব্যক্তিগত জীবনে একেবারেই আশ্রয়হীন দাম্পত্য সন্তানহীন অনুভূতিগুলো কখনও দাগ কাটে না।

বুধবার চাঁদমনি আশ্রমে প্রবেশ করলে দেখা যায় চিরায়ত বাংলার হারিয়ে যাওয়া কিছু উপকরণের নমুনা। গরুর গাড়ি, পালকি, ঢেকিসহ ১৯৭১ সালের গণহত্যার জলঢাকা কালীগঞ্জ বধ্যভূমির শহীদদের তালিকা। বিনোদনের জন্য আশ্রমটির ভিতরে খেলার ব্যবস্থা, কবিতা আবৃতি ও সঙ্গীতের জন্য রয়েছে বাদ্যযন্ত্র।

এছাড়াও আশ্রমটির ভিতরে রয়েছে একটি গোলঘর, শিশুরা ওখানে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করাসহ দেশীয় সংস্কৃতি চর্চা করে।। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকেই এখন স্বাবলম্বী প্রায়। তবে তারা ভোলেননি তাদের ধর্মপিতা ও জীবনসিঁড়ি চাঁদমনিকে।

কথা হয় এ অনাথ আশ্রম “চাদঁমনি”র প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল এর সাথে।

তিনি বলেন, চলতি বছরে এই চাদঁমনি ২৫ বছরে পদার্পণ করেছে এবং এখন পর্যন্ত এখানে প্রায় ১২ শত মেয়ে জায়গা পেয়েছে। হাজ্বী দুলালের বয়স বর্তমানে প্রায় ৮০ বছর। এ প্রসঙ্গে তিনি জানান, আমার অবর্তমানেও যেনো এ প্রতিষ্ঠানটি চলমান থাকে সে ব্যবস্থা করে রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!