জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী থানার ১ নং বড়গাঁও ইউনিয়নের কে.কে.বাড়ী লক্ষ্মীর হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি গাছ কাটা কেন্দ্র করে অদ্ভুত ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণের একটি পুরোনো গাছ কাটার পর আকস্মিক অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১৯ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সম্প্রতি বিদ্যালয় চত্বরের একটি গাছ কাটা হয়। গাছটি কাটার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে অসুস্থবোধ করতে শুরু করেন। স্থানীয় লোকজনের দাবি ও গুঞ্জন রয়েছে যে, গাছটি কাটার কারণে অলৌকিক বা ‘জ্বীনের আচর’ জাতীয় কোনো প্রভাবে তারা আক্রান্ত হয়েছেন। হঠাৎ করে এতগুলো শিক্ষার্থী এবং একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিদ্যালয়ে ভিড় জমান স্থানীয়রা।
এদিকে চিকিৎসক ও সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনায় অনেক সময় গণহারে মানসিক আতঙ্ক বা ‘ম্যাস হিস্টিরিয়া’ (Mass Hysteria) কাজ করে থাকে। আকস্মিক কোনো গুজব বা ভীতি থেকে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে একসঙ্গে অসুস্থবোধ করতে পারেন।
খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। বর্তমানে অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি শান্ত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় মুরুব্বীরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
projonmo21.com Popular bangla online newsportal