নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা এবং উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ঠাকুরগাঁও জেলার ৬ জন শিক্ষক ও কর্মকর্তাকে ২০২৭ সাল পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেসর মোহা. ফারুক আহমেদ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বোর্ডের শৃঙ্খলা কমিটির ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় বোর্ডের আওতাধীন কিছু কেন্দ্রের উত্তরপত্রের ওএমআর (OMR) এর ‘টপ পোরশন’ (Top Portion) অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে পাঠানো হয়, যা উত্তরপত্রের গোপনীয়তা রক্ষা ও পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী। কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির সদস্যবৃন্দ এবং কেন্দ্র সচিবগণ যথাযথ দায়িত্ব পালন না করায় এমনটি ঘটেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠাকুরগাঁও-৪ (বেগুনবাড়ি) কেন্দ্রের সঙ্গে জড়িত ৬ শিক্ষককে আগামী ২০২৭ সাল পর্যন্ত কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে: মোহা. আমিনুল হক সর্দ্দার (অধ্যক্ষ, বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও)
মোহা. অশ্বিনী কুমার রায় (সহকারী অধ্যাপক, বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও)
মোহা. সাইফুল ইসলাম (সহকারী মৌলভী, বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও)
মোহা. হিমেল ইসলাম (জুনিয়র মৌলভী, বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও)
মাও: আমিনুর রহমান (সহকারী মৌলভী, বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও)
মাও: আব্দুল আজিজ (সহকারী মৌলভী, ডোডাপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসা, সদর, ঠাকুরগাঁও)
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal