মানিকগঞ্জ প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। উপজেলা বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদে চলছে প্রার্থী ও নেতৃত্ব নিয়ে নানা হিসাব-নিকাশ।
এরই মধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে দৌলতপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সোনাই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক,যুবদলের আহবায়ক সহ সংগঠনের বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উপজেলা বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন মো. নুরুল ইসলাম সোনাই। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, খাদ্যসামগ্রী বিতরণ, সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা তুলে ধরছেন স্থানীয়রা।
তার সমর্থকদের দাবি, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এ কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয়দের একাংশের ভাষ্য, জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়; মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনের সময় সহযোগিতা করাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। সেই বিবেচনায় দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের প্রতি মানুষের আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক। মো. নুরুল ইসলাম সোনাই মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও খাদ্য মন্ত্রী আফরোজা খান রিতার আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত।
এদিকে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার পাশাপাশি উপজেলার উন্নয়ন ও নাগরিক সেবা নিয়েও নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশার মধ্যে রয়েছে উন্নত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
তরুণদের একটি অংশ ইউনিয়নে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও কর্মমুখী কর্মকাণ্ডের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্থানীয়দের একাংশ মনে করেন, উপজেলার নেতৃত্বে এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি সাধারণ মানুষের কাছে থাকবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
তবে মো. নুরুল ইসলাম সোনাই ঘিরে সমর্থকদের আগ্রহ থাকলেও নির্বাচনে শেষ পর্যন্ত জনগণ কাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারিত হবে ভোটারদের রায়ে।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামনে আসছে উপজেলার উন্নয়ন, নাগরিক সেবা ও নেতৃত্ব নিয়ে স্থানীয়দের প্রত্যাশা। সেই আলোচনায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পরিচিত মুখ হিসেবে মো. নুরুল ইসলাম সোনাই নামও উঠে এসেছে।
projonmo21.com Popular bangla online newsportal