সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাসের কারাদণ্ড

সালথায় মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাসের কারাদণ্ড

 

মো. সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের রুস্তম শেখের ছেলে শাহিন শেখ (৪০) এবং দোহার গট্টি গ্রামের সিদ্দিক মাতুব্বরের ছেলে জামাল মাতুব্বর (৩৮)।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গট্টি এলাকার একটি বাগানে বসে দুই যুবক মাদক সেবন করছেন, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শাহিন শেখ ও জামাল মাতুব্বরকে আটক করা হয়।

 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক শুধু ব্যক্তিজীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সামাজিক মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে।

 

তিনি বলেন, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;