সর্বশেষ :
;
Home / সারাদেশ / পীরগঞ্জে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টা: গ্রেফতার ছেলে জেলহাজতে

পীরগঞ্জে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টা: গ্রেফতার ছেলে জেলহাজতে

 

জসীমউদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেওয়া, মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মা কামরুন নাহার বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ এজাহার দায়ের করেন।

 

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে মাহমুদুল কাদিরকে (৩৪) গ্রেফতার করে। আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে।

 

ঘটনার বিবরণ:

 

এজাহার সূত্রে জানা যায়, ভেলাতৈর ভদ্রপাড়া গ্রামের মৃত মৌলাবকসের ছেলে মাহমুদুল কাদির ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বৃদ্ধা মা কামরুন নাহারকে শারীরিক ও আর্থিক সংকটের মধ্যে রেখে ভরণ-পোষণ থেকে বঞ্চিত করে আসছিলেন। বিভিন্ন সময় তাকে গালিগালাজ ও মারধর করা হতো।

 

গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী মা তাঁর মেয়ের বাড়ি থেকে নিজস্ব বসতবাড়িতে ফিরলে আসামিরা তাকে প্রবেশে বাধা দেন। মা প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ১ নম্বর আসামি ছেলে মাহমুদুল কাদির নিজ হাতে মায়ের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান এবং বাঁশের লাঠি দিয়ে মাথার ডান পাশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, মায়ের দায়ের করা মামলায় ছেলেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;