আব্দুল আল মামুন (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন দৌলতপুর থানায় কর্মরত এএসআই আল আমিন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, রহস্য উদঘাটনসহ প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এএসআই আল আমিন হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
এ সময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন পিপিএম উপস্থিত ছিলেন।
এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন দৌলতপুর থানায় কর্তব্যরত সকল পুলিশ কর্মকর্তা।
তারা বলেন, এএসআই আল আমিনের এই অর্জন আমাদের পুরো দৌলতপুর থানা পুলিশের জন্য অত্যন্ত গর্বের। তার কাজের প্রতি সততা, নিষ্ঠা এবং সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতাই আজ তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বিশেষ করে মাদক,চোরাচালান, জুয়া, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
এএসআই আল আমিন জানান, এই স্বীকৃতি তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। তিনি দৌলতপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার বলেন-এএসআই আল আমিনের এই সাফল্য আমাদের থানার জন্য একটি আলোকিত সংবাদ। আমরা চাই তিনি তার কাজে ধারাবাহিকতা বজায় রেখে দৌলতপুরকে একটি মাদক মুক্ত,চোরাচালান মুক্ত উপজেলা হিসেবে ভুমিকা পালন করুক।
projonmo21.com Popular bangla online newsportal