সর্বশেষ :
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

 

জসীমউদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

 

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের নির্মাণ করা দোকানঘর দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন সীমান্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

 

আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

 

 

মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি করেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মিত তিনটি পাকা দোকানঘরে রাতের আঁধারে এসে টিন ও শাটারিং লাগিয়ে তা দখল করে নেন ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল হক। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করার পরও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

 

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী তাঁর বক্তব্যে দাবি করেন, “বিদ্যালয়ের নামে জমির মালিকানা সম্পর্কিত সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। বিদ্যালয়ের আয়ের জন্য আমরাই পাকা ঘরগুলো তুলেছি। কিছুদিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ায় ভাড়া দেওয়ার প্রক্রিয়া একটু বিলম্বিত হয়। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল জমির মিথ্যা মালিকানা দাবি করে দোকানঘরগুলো অন্যায়ভাবে দখল করেছেন।”

 

 

 

দখল করা দোকানগুলোতে যুবদল নেতার লাগানো তালা ভেঙে শিক্ষার্থীরা নতুন তালা লাগানোর চেষ্টা করলে একপর্যায়ে ঘটনাস্থলে এসে তাতে বাধা দেন অভিযুক্ত যুবদল নেতা মোজাম্মেল।

 

 

 

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “এই জমির প্রকৃত মালিক আমি এবং আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”

 

 

 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!