সর্বশেষ :
Home / সারাদেশ / জুলাইয়ের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা: শামা ওবায়েদ

জুলাইয়ের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা: শামা ওবায়েদ

 

 

মো. সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

জুলাইয়ের গণআন্দোলনে মানুষের আত্মত্যাগ, সাহস ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

 

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নগরকান্দা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সমাবেশটির আয়োজন করা হয়।

 

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নগরকান্দা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো মাঠ এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, জুলাইয়ের গণআন্দোলনে দেশের মানুষ যে সাহস, আত্মত্যাগ ও গণতন্ত্রের প্রতি অটল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য মানুষের ত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে।

 

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি জনগণের ভোটাধিকার, আইনের শাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার ওপর নির্ভর করে। তাই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, নগরকান্দা ও সালথার মানুষ সবসময় অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ভবিষ্যতেও এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা হলে তা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিহত করা হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সবচেয়ে বড় উপায় হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

 

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের শহীদ ও আত্মত্যাগীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে এলাকার উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নগরকান্দা-সালথার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরীস ও বদরুজ্জামান তাঁরা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, তৈয়বুর রহমান মাসুদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সমাবেশ শেষে শামা ওবায়েদ ইসলাম নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে সম্প্রতি নিহত শিশু মাফুজার বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!