সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তিগত রূপান্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত 

শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তিগত রূপান্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তিগত রূপান্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং (ইডিটিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান সম্পাদিত ও ইডিটিই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একঝাঁক শিক্ষার্থীদের রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

 

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরই বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আকতার, ইডিটিই বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুনিরা আক্তার লতা, সহকারী অধ্যাপক রুবেল শেখ, প্রভাষক রাব্বি খান এবং বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাকিব হোসেন। এছাড়া অনলাইনে উপস্থিত ছিলেন, আদর্শ প্রকাশনীর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সম্পাদক মহীম সন্ন্যাসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রন্থটির লেখক মোঃ সোহেদুজ্জামান বসুনিয়া (শাকিব)।

 

প্রধান অতিথি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। তিনি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তিগত রূপান্তর’ গ্রন্থটি আধুনিক শিখন-শেখানো পদ্ধতি, শিক্ষা তত্ত্ব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার একটি সমন্বিত ও বাস্তবধর্মী উপস্থাপনা। তিনি শিক্ষা তত্ত্বের বিষয়সমূহকে গল্পের মাধ্যমে সহজ ভাষায় ও প্রযুক্তির সাথে তুলে ধরার জন্য অভিবাদন প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই গ্রন্থটি প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষক, প্রশিক্ষক, গবেষক ও নীতি নির্ধারকবৃন্দের পাঠ করা উচিত। তিনি গ্রন্থটির প্রকাশে অবদান রাখায় সম্পাদক, লেখক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের আরও বই লিখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

 

গ্রন্থটির সম্পাদক মোঃ আশরাফুজ্জামান ‘শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তিগত রূপান্তর’ গ্রন্থটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বইটিতে ব্লুমস ট্যাক্সোনমি থেকে শুরু করে আচরণবাদ, মন্টেসরি শিক্ষাপদ্ধতি, সামাজিক জ্ঞানীয় তত্ত্ব, টিপ্যাক মডেল ও শিক্ষা নৈতিকতার গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ, গল্প, উদাহরণ এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে সহজভাবে তুলে ধরা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে, শেখা শুধু তথ্য মুখস্থ করার বিষয় নয়, বরং চিন্তা, দক্ষতা, মূল্যবোধ এবং সৃজনশীলতার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া।

 

‘শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তিগত রূপান্তর’ গ্রন্থেটি সম্পর্কে তিনজন লেখক, সাকিব ইমন, ফারহানা ইয়াসমীন ইতি ও মোঃ জাওয়াদ লাবিব তাদের অভিজ্ঞতা বর্ননা করেন। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ প্রকাশ করেন যে, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চায় এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদর্শ প্রকাশনীর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সম্পাদক মহীম সন্ন্যাসী এ ধরনের বই প্রকাশে তাদের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

 

গ্রন্থটিতে লেখক হিসেবে অবদান রাখেন মোঃ আশরাফুজ্জামান, তারিকুল ইসলাম, রায়হানুল ইসলাম, মোঃ সোহেদুজ্জামান বসুনিয়া (শাকিব), মাহমুদা ফেরদৌসী, তানজিফুল ইসলাম, মারিয়া আক্তার মীম, সাকিব ইমন, রাকিবুল ইসলাম, অদিতি দেব বিন্দু, হাবিবা রহমান, তাজুল ইসলাম রাফি, ফারহানা ইয়াসমীন ইতি, মোঃ জাওয়াদ লাবিব, মোঃ রনি আহমেদ শাহ, মোঃ জাহিদ হাসান হিমেল ও মোঃ সাফানুর ইসলাম।

 

আধুনিক শিখন-শেখানো কৌশল ও প্রযুক্তি সম্পর্কে যারা জানতে চান এবং শ্রেণিকক্ষে তা কার্যকরভাবে প্রয়োগ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি কার্যকর সহায়ক গ্রন্থ। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষা দ্রুত পরিবর্তিত হচ্ছে, এই গ্রন্থ শিক্ষকদের নতুন দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতি সম্পর্কে সচেতন করবে এবং শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব শিক্ষণ-অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করবে। বইটি আদর্শ প্রকাশনীর অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!