সর্বশেষ :
Home / সারাদেশ / জুলাই শহীদ দিবস উপলক্ষে সালথা উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে সালথা উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

 

এছাড়াও বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শাহিন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং উপজেলা এনসিপির সদস্য সচিব সজিব মিয়া।

 

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

তারা বলেন, জাতির সংকটময় মুহূর্তে শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ ও সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

বক্তারা আরও বলেন, শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত সবাই জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!