সর্বশেষ :
Home / সারাদেশ / ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে উচ্ছেদ অভিযান প্রশাসনের

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে উচ্ছেদ অভিযান প্রশাসনের

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের নির্বিঘœ চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর উচ্ছেদ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, কালীগঞ্জে প্রবেশদ্বার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একটি বড় অংশ অবৈধভাবে দখল করায় ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকছে না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে হয়। তেমনি সড়কে তৈরি হয় তীব্র যানজট ও জনভোগান্তি। বিশেষ করে অফিসগামী মানুষ, যাত্রী এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলার অনেকটাই কমে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। পৌরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!