সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে দুই সন্তানের জননী গ্রেফতার

সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে দুই সন্তানের জননী গ্রেফতার

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ আত্মসাৎ করে কথিত প্রেমিকের সঙ্গে বিলাসী জীবনযাপনের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত নারী হলেন মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে ও দুই সন্তানের জননী রমিজা সুলতানা আন্না।

 

সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের এক প্রবাসী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। তিনি পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত অর্থ পাঠাতেন।

 

অভিযোগ রয়েছে, পাঠানো অর্থের একটি বড় অংশ রমিজা সুলতানা আন্না ব্যক্তিগত ভোগ-বিলাস এবং কথিত অনৈতিক সম্পর্কের পেছনে ব্যয় করেছেন।

 

সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন ওই প্রবাসী। পরে তিনি সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

 

তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়ার পর রমিজা সুলতানা আন্নাকে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের অপব্যবহার এবং পারিবারিক বিশ্বাসভঙ্গের মতো ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আসাদুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গ্রেফতারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!