সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় কৃষিজমির মাটি ও বালি অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) রাতে উপজেলার খারদিয়া এলাকায় সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ।
অভিযানে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় উপজেলার সিংহপ্রতাব গ্রামের ইয়াছিন খন্দকারের ছেলে মো. হাসিবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি ও বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা শুধু আইনবিরোধী নয়, এটি কৃষি উৎপাদন ও পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের আইন প্রয়োগমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এদিকে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
projonmo21.com Popular bangla online newsportal