সর্বশেষ :
Home / সারাদেশ / বিএনপি জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিএনপি জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব রাজনৈতিক দল। দলটি সবসময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সাংবাদিকদের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বিগত একটা সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তখন তিনি সকল সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। সকল সাংবাদিককেও স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।

 

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচার দ্বারা মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতিত হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে আহত ও নিহত হয়েছে। অনেকের পরিবার অনেক কষ্ট থেকেছে ১৭-১৮ বছর। এই সকল সাংবাদিককে আমি স্মরণ করছি। আপনারা যারা সাংবাদিকরা বিগত দিনে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সত্য সংবাদটি সাহসের সাথে পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি।

 

 

তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে সাংবাদিকরা ঝুঁকি ও বাধা উপেক্ষা করে দেশের বিভিন্ন আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম এবং রাজনৈতিক কর্মীদের ওপর হওয়া নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। এর ফলে সাধারণ মানুষ বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছে।

 

সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সাংবাদিকদের দায়িত্ব যেমন সত্য সংবাদ প্রকাশ করা, তেমনি ভুল তথ্য বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকাও জরুরি। বর্তমানে অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

 

এছাড়া বিরোধী দলের বিভিন্ন বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি এগুলোর বিরুদ্ধে জেলা ও উপজেলা সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

এর আগে ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে সালথা প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

 

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক নাহিদ হাসান, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্যা, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!