সর্বশেষ :
Home / সারাদেশ / একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

 

জসীমউদ্দিন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা পরিষদ-এর অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সরকারের বয়স মাত্র তিন মাস। এই স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। কিন্তু একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি সবাইকে এ ধরনের অপতৎপরতা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

এলজিআরডি মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওবাসীর বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মন্ত্রী জানান, জেলার অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নসহ নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

বিএনপির মহাসচিব বলেন, এ দেশের প্রধানমন্ত্রী এক কথার প্রধানমন্ত্রী। তিনি যা কথা দেন তা পালন করার কাজ করেন। নির্বাচনের পূর্বে দেশের মানুষকে যা ইশতেহার দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন থেকে শুরু করে প্রতিটি কাজ তিনি এতো স্বল্প সময়ের মধ্যে করে দেখিয়েছেন।

 

মির্জা ফখরুল আরো বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, তবে কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এগুলো রুখে দিয়ে সকলকে সতর্ক থেকে নিজ উপজেলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

যুবসমাজ নিয়ে তিনি বলেন, খুব কষ্ট লাগে যখন শুনি বর্তমান যুবসমাজ মাদকের ছায়াতলে ডুবে আছে। এ দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অনেক বেশি। তাই এ দেশের স্বার্থে মাদক থেকে দূরে সরে খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা‌।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!