সর্বশেষ :
;
Home / সারাদেশ / মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা-বাবা

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা-বাবা

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন তাঁর মা-বাবা। অতঃপর সেই ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্ত তরুণের নাম সবুজ তালুকদার (২৩)। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করার জন্য মাঝেমধ্যে বাড়িতে ঝামেলা করেন। এমনকি তাঁর মা-বাবাকে অত্যাচার-নির্যাতন করতেন। ছেলের অত্যাচার সইতে না পেরে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল সকালে ইউএনওর কাছে লিখিত আবেদন জানান তাঁর মা-বাবা। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ভুক্তভোগী মা-বাবার বাড়িতে গিয়ে সবুজকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বলেন, মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বাড়ি থেকে সবুজকে আটক করা হয়। এ সময় সবুজ মাদকসেবনের কথা স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;