সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মেয়ে-জামাই বাড়ি বেড়াতে এসে পাট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার নামে ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে সালথা বাজারের স্কুল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মলা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।

নিহতের পরিবার জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে করে উপজেলার সালথা পাটপাশা গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান ওই বৃদ্ধা। পরে পাট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ৭৫ বছরের একজন বৃদ্ধাকে মোটরসাইকেল উঠানো কতটা যুক্তিক ছিল সেটা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ওই বৃদ্ধার নাতি সবুজ বিশ্বাস মোটরসাইকেল চলিয়ে সালথা বাজার পার হচ্ছিলেন। পথেমধ্যে মোটরসাইকেলটি স্লিপ কাটলে বৃদ্ধা পড়ে যান সড়কে। পরে একটি ট্রাক চাপা দেয় ওই বৃদ্ধাকে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal