ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-কর্মচারীদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল হাজিরার নির্দেশ দেওয়ার মাত্র ৬ দিনের মাথায় তা বাতিল করেছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। মাঠ পর্যায়ে শিক্ষকদের উপস্থিতি সন্তোষজনক পাওয়ায় মঙ্গলবার (২৮ জুলাই) এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে, সীমান্তঘেঁষা এই জেলাটির মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের অনুপস্থিতির অভিযোগ ওঠার পর জেলা প্রশাসনের নির্দেশনায় বিশেষ হাজিরা মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হয়। গত ২২ জুলাই জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জারি করা এক নির্দেশনায় শিক্ষকদের প্রাথমিকের মতো প্রতিদিন হোয়াটসঅ্যাপে ছবি তুলে হাজিরার তথ্য পাঠাতে বলা হয়েছিল।
তবে মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নতুন এক চিঠিতে জানানো হয়, ২২ জুলাই জারি করা চিঠির ১ নম্বর ক্রমিকে বর্ণিত ‘হোয়াটসঅ্যাপে হাজিরা পাঠানোর’ নির্দেশনাটি বাতিল করা হয়েছে। তবে ওই চিঠির অন্যান্য সার্বিক নির্দেশনা যথারীতি বহাল থাকবে। বিষয়টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত জানিয়ে দেওয়ারও অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানান, “শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই জেলা প্রশাসনের পরামর্শে আমরা প্রথমে চিঠিটি দিয়েছিলাম। তবে পরবর্তীতে মাঠ পর্যায় থেকে সার্বিক খবর নিয়ে আমরা দেখেছি যে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতি স্বাভাবিক ও ঠিক রয়েছে। ফলে হোয়াটসঅ্যাপে হাজিরা পাঠানোর সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে।”
projonmo21.com Popular bangla online newsportal