সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক (নুর) এর শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি তাঁকে দেখতে যান। এ সময় নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এরআগে সোমবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।
হাসপাতালে নুরুল হককে দেখার পর মুঠোফোনে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, নুরুল হক নুরের মতো আর কাউকে যে অত্যাচারিত হতে না হয়। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত চাই।
গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। নুরুল হকের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal