সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সালথায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ‘নজরুল বর্ষ উদ্‌যাপন-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সমগ্র বাংলাদেশের সঙ্গে একযোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ তাশেম উদ্দিন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি তরিকুল ইসলাম।

 

এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এতে সমবেত সংগীত পরিবেশন করে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;