সর্বশেষ :
Home / সারাদেশ / ১৭ বছরে শিক্ষার কোনো উন্নয়ন হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

১৭ বছরে শিক্ষার কোনো উন্নয়ন হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি; বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করতে হবে। কোনো শিশু যেন অর্থের অভাবে বিদ্যালয়ে যেতে না পারে—এ বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

 

তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের পড়াশোনায় যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

 

পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের বিষয়ে শামা ওবায়েদ বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাটের তৈরি স্কুলব্যাগ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে, অন্যদিকে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহারও বাড়ছে। পরিবেশবান্ধব এ উদ্যোগ দেশের পাটশিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

 

শামা ওবায়েদ আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

আগামী দিনের বাংলাদেশ শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা ও মানবিক মূল্যবোধনির্ভর হবে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সচেতন, দক্ষ ও মানবিক নতুন প্রজন্মই দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

 

অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়।

 

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন পোশাক, ব্যাগ ও জুতা পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান।

 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শাহিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিন কুমার চাকী, সালথা উপজেলা শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ, শাহিনুর রহমান শাহিন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!