মো. সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালত শুনানি শেষে এ দণ্ডাদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে সালথা থানা পুলিশের একটি দল উপজেলার ভাওয়াল গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ভাওয়াল গ্রামের জামাল মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর ও দিয়াপাড়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে ইমারুল মাতুব্বরকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ইমারুল মাতুব্বরকে পাঁচ মাসের এবং সোহেল মাতুব্বরকে চার মাস ২০ দিনের কারাদণ্ড দেন আদালত।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সালথা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal