নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ লুৎফর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। জামিনের কাগজপত্র গতকাল কাশিমপুর কারাগারে পৌঁছলে কর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই-বাছাই করে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। সুইডেন আসলাম ঢাকা নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলা ও অস্ত্র আইনের দুটি মামলা হয়। যার কারণে তার যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।
সর্বশেষ আসলামের বিরুদ্ধে মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ মাসে গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ।
বর্তমানে মামলাটি বিচারাধীন। এ মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত পুলিশ মাত্র ১৪ জনকে আদালতে হাজির করতে পেরেছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছে শেখ আসলাম।
প্রসঙ্গত, চারদলীয় জোট সরকারের সময় শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ১৯৮৬ সালে ফার্মগেট এলাকায় এক স্কুলের সামনে শাকিল নামে এক কিশোরকে গুলি করে। এমন আরো একাধিক খুনের অভিযোগ উঠে তার নামে। একাধারে কয়েকটি মামলায় জড়িয়ে দেশ ত্যাগ করে কিছুদিন সুইডেনে অবস্থান করেন আসলাম।
পরবর্তীতে দেশে ফিরলে তার নামের সাথে সুইডেন শব্দ যোগ হয়ে সুইডেন আসলাম নামে পরিচিত হয়ে উঠে এরপর থেকে সমগ্র বাংলাদেশ তাকে সইডেন আসলাম নামেই চিনে।
projonmo21.com Popular bangla online newsportal