কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি
এস এম রবীন হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ। তিনি কালীগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শুক্রবার রাতে বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম।
গ্রেফতার রবীন হোসেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি সপরিবারে বসুন্ধরা এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম বলেন, বসুন্ধরা এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে শুক্রবার মধ্যরাতে সাবেক মেয়র রবীন হোসেনকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক জামিনুর রহমান বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মেয়র রবীন হোসেন ভাটারা থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে কালীগঞ্জ থানায় এনে গাজীপুর আদালতে পাঠানো হবে।
জানা যায়, ২০১১ সালের ৬ মে কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যুবদলের সম্মেলনে শীতলক্ষ্যা নদীপথে ট্রলারযোগে যাওয়ার সময় কালীগঞ্জ গুদারাঘাট এলাকায় পৌছলে যুবলীগের নেতাকর্মীরা ট্রলারে হামলা করে। এ হামলায় জামির ও ইমন নামে দুই যুবদল কর্মী নিহত হয়। এ ঘটনায় ৮ মে প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হয়। পরেরদিন ৯ মে যুবদল নেতা নাদিম আহমেদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি দীর্ঘদিন অকার্যকর থাকায় দীর্ঘ ১৩ বছর পর এই মাসের ২১ আগষ্ট রাতে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ বাবলু বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ২১ নম্বর আসামি রবীন হোসেন।
projonmo21.com Popular bangla online newsportal