সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ 

কালীগঞ্জে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ 

 

কালীগঞ্জ ( গাজীপুর)  প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জামালপুর রাজ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফাইজউদ্দিন অনিয়ম আর দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার,ওয়াশরুম ও ট্যাকিং অপরিষ্কার, খেলাধুলা ও বনভোজনের ব্যবস্থা না করা, পরীক্ষার সময় অতিরিক্ত সাদা কাগজ না দেয়া, জরাজীর্ণ কক্ষ, আর্থিক উৎস থাকলেও স্কুলের উন্নয়নে ব্যয় না করাসহ বহু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

গতকাল রোববার সকাল সাড়ে এগারোটার দিকে জামালপুর বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করতে থাকে। প্রায় দুই ঘন্টা রাস্তায় অবস্থান করায় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কালীগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কাছে এই খবরটি পৌঁছে যায়। পরে ছাত্র সমাজ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তার অবরোধ তুলে নেন তারা। পরে শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সমাজ স্কুলে যান। শিক্ষার্থীদের কাছ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ শুনেন তারা। ওই সময় প্রধান শিক্ষক তাঁর রুমে অবরুদ্ধ থাকেন। পরে ছাত্র সমাজের নেতৃবৃন্দ প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাঁর সাথে কথা বলেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হয়।

স্কুলের কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক দীর্ঘ ১১ বছর যাবত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে।তিনি আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। স্কুলের একাধিক আয়ের উৎস থাকলেও স্কুল উন্নয়ন কোনো কাজ করেন না।

ছাত্র সমাজের প্রতিনিধি রানা সরকার বলেন, তিনির বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। তিনি শুধু শিক্ষার্থীদের সাথে নয় শিক্ষকদের সাথেও খারাপ ব্যবহার করে থাকেন।

প্রধান শিক্ষক মোহাম্মদ ফাইজ উদ্দিন বলেন, ছাত্রছাত্রী যেহেতু আমাকে চায় না তাই আমি ছাত্র সমাজ ও শিক্ষকদের সামনে পদত্যাগ করেছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অনেক অভিযোগ শুনেছি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরে তিনিকে সাথে নিয়ে আমার গাড়িতে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেই।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টির দায়িত্ব দিয়েছি। শুনেছি প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!