সর্বশেষ :
Home / সারাদেশ / বড়াইগ্রাম পৌরসভার বিরোধপূর্ণ জমি দখল 

বড়াইগ্রাম পৌরসভার বিরোধপূর্ণ জমি দখল 

 

তানিয়া আক্তার

 

নাটোর জেলা প্রতিনিধি

 

 

নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে পৌরসভার মালিকানাধীন ২৮ শতক জমি দখল করে নিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। বিরোধপূর্ণ ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও সেখানকার ১০টি দোকান ভেঙে দখল করা হয়েছে।

 

 

পৌরসভা সূত্রে জানা যায়, লক্ষ্মীকোল মৌজার হাল ৩৫৩ নম্বর দাগে বড়াইগ্রাম পৌরসভার ২৮ শতক জমি রয়েছে। পৌর কর্তৃপক্ষ ওই জমিতে কাঁচাবাজার ও বিভিন্ন দোকান নির্মাণ করে বরাদ্দ দিয়ে ভাড়া আদায় করছে। লক্ষ্মীকোল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে লোকমান হোসেন ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেছিলেন। বর্তমানে মামলাটি আদালতে চলমান। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর মঙ্গল ও বুধবার রাতে লোকমান হোসেন বিএনপি-যুবদলের শতাধিক লোক নিয়ে ওই জমি দখল করে নেন। এ সময় তাঁরা কাঁচাবাজারসহ মোট ১০টি দোকান গুঁড়িয়ে দেন এবং কাঁটাতারের বেড়া দিয়ে পুরো জমি ঘিরে নেন।

 

 

নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক ব্যবসায়ী বলেন, ‘পৌর কর্তৃপক্ষকে নিয়মিত ভাড়া দিয়ে ব্যবসা করে আসছিলাম। কিন্তু আরেকটি পক্ষ কোনো কিছু না জানিয়ে রাতের আঁধারে আমাদের দোকানপাট ভেঙে দিয়েছে। পৌরসভার মেয়র আওয়ামী লীগের নেতা। তাঁর ক্ষমতার জোর কমে যাওয়ায় এ অবস্থা হলো।’

 

এ ব্যাপারে জানতে চাইলে লোকমান হোসেন বলেন, ‘আমরা আরও আগেই আদালত থেকে রায় পেয়েছি। পৌর কর্তৃপক্ষ আপিল করেছে কি না আমি জানি না। এত দিন পরিবেশ না থাকায় দখল নিতে যাইনি। এখন আমরা আমাদের জমির দখল বুঝে নিয়েছি

 

 

বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী বলেন, ‘আমরা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছি। আপিল চলমান আছে। এ অবস্থায় তাঁরা কিছুতেই এ জমির দখল নিতে পারে না। তারা ক্ষমতার জোরে দোকানপাট ভেঙেছে।’

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!