সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকারের আমলে ক্রীড়া অঙ্গনে ব্যাপক পরিবর্তন হয়েছে। তাই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম – নতুন প্রজন্ম সকল অপকর্ম থেকে দূরে থাকে। খারাপ অভ্যাস বর্জন করে, সুস্থ জাতি গড়ার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন।
আজ শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ভাওয়াল ইউনিয়নের কাছে রামকান্তপুর ইউনিয়ন ৫-৩ গোলে জয়লাভ করে। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এমপি লাবু চৌধুরী।
এ সময় লাবু চৌধুরী আরো বলেন, সালথা উপজেলাকে মডেল উপজেলা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তাই কাইজ্জ্যা- মারামারী বাদ দিয়ে সুন্দর সমাজ গড়তে হবে। কেউ যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূথ।
projonmo21.com Popular bangla online newsportal