সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, যুব সমাজ কে মাদকের ভয়ানক থাবা ও মোবাইল থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খারাপ অভ্যাস দূরে রেখে, সুস্থ জাতি গড়ার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। তাই ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় বছরজুড়ে খেলাধুলার আয়োজন করা হবে। যাতে তরুণরা মাদকের আড্ডা এড়িয়ে খেলাধুলায় আসক্তি হয়। পাশাপাশি পড়ালেখায় তারা যেন মনযোগী হয়, সে লক্ষেও কাজ করবো।
বুধবার (৩ জুলাই) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার সালথা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, সালথার মানুষ ১২ মাস খেলাধুলা করতে চায়। তাই দেশে এই প্রথম আমরাই ৮১টি ইউনিয়ন নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি।
এই খেলা ওয়ার্ড পর্যায়ে শুরু করা হবে।
চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। রানার আপ দল পাবে ৩ লাখ টাকা।
উদ্বোধনী খেলায় সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কে ২-০ গোলে পরাজিত করে গট্টি ইউনিয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মো. ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু, যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal