সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক অরুপ কুমার বসাক তাকে জামিন মঞ্জুর করেন।
বিকেলে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে জামিনের বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।
আবুল খায়ের জানান, মামলার বাদী সৈয়দ আলী শেখ আদালতে উপস্থিত থেকে জামিনের ব্যাপারে আপত্তি না করলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।
আর এ জামিন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মঞ্জুর করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (১৪ এপ্রিল) সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটতরাজের পর বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে একইদিন গত রাতে পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেপ্তার করে।
projonmo21.com Popular bangla online newsportal