সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে মানবপাচার মামলার আসামি ছিনতাই

সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে মানবপাচার মামলার আসামি ছিনতাই

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়ার আসামির নাম মো. তুরাপ মোল্যা (৪৫)। তিনি মাঝারদিয়া গ্রামের মৃত আনারদ্দিন মোল্যার ছেলে।

 

মাঝারদিয়া গ্রামের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক হোসেন জানান, তুরাপ একজন আদম ব্যবসায়ী। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি মাঝারদিয়া গ্রামের নুর আলম নামে এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে অতিরিক্ত টাকার জন্য নির্যাতন করে। ওই ঘটনায় সালথা থানায় একটি মানবপাচার মামলা করা হয়। মামলার প্রধান আসামি তুরাপ মোল্যা। একপর্যায় ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

 

তিনি আরও জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় ঈদগাহ মসজিদের সামনে থেকে সালথা থানার এএসআই নাজমুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তুরাপকে গ্রেপ্তার করে। কিন্ত তুরাপের বড় ভাই হানিফ মোল্যা, কিরাম মোল্যা, ভাতিজা রহিম মোল্যা ও রিয়াজ মোল্যা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তুরাপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়েও বের হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

 

এ বিষয় সালথা থানার এএসআই নাজমুল হোসেন বলেন, আমাদের উপর কোনো হামলা হয়নি। তুরাপকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের লোকজন এসে তুরাপকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তুরাপ ওঠে দৌড়িয়ে পালিয়ে যায়।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, বিষয়টি আমি জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। ইতিমধ্যে ওই আসামিকে ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করতে পারব। এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!