সর্বশেষ :
Home / সারাদেশ / ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না: ফরিদপুর জেলা প্রশাসক

ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না: ফরিদপুর জেলা প্রশাসক

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। এই নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপক্ষ হবে। নির্বাচন সামনে রেখে কেউ নাশতকা করলে আমাদের জানান। নির্বাচনে কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করবেন না। ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে কোর কমিটির সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে হরতাল অবরোধের নামে জনগণকে হয়রানি, জনগণের জান-মালের ক্ষতি, সরকারি স্থাপনা বা পুলিশ-প্রশাসনের গাড়িতে হামলা হলে চিরুনী অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। গত ২৮ তারিখে যারা ঢাকায় গিয়ে সহিংসতায় অংশ নিয়েছিল, যারা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, তাদের মধ্যে সালথার কেউ জড়িত থাকলে আমাদের তথ্য দিন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

জেলা প্রশাসক বলেন, আজকের পর থেকে সালথায় আর কোনো ধরণের সহিংস কর্মকান্ড থাকবে না। যদি কেউ কাইজ্য-মারামারি করেন, তাদের একফোটা ছাড় দেওয়া হবে না। তাই যাদের ঘরে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা রয়েছে, তারা দ্রুত এগুলো পুলিশের কাছে জমা দিন। আমরা সুন্দর একটি সালথা উপজেলা গড়তে চাই। যেখানে মাদক ও কাইজ্য-দাঙ্গা থাকবে না।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা) বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনতা ঐক্য গড়ে আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো। হরতাল অবরোধের নামে পুলিশকে হত্যা করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, হাসপাতালে ভাংচুর করা হয়েছে। এই সকল অপরাধের সাথে যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের স্মার্ট সেবা চালু হয়েছে, এখন ঘরে বসেই পুলিশের সকল সেবা অনলাইনে পাওয়া যাবে। যেকোন পরিস্থিতিতে ৯৯৯ কল দিয়ে সেবা পেতে পারেন। নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলার অবনতি হলে কাউকে ছাড় নয়।

 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর এনএসআই বিভাগীয় প্রধান ও অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলাম, ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নাদিয়া ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ওসি মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সালথা প্রেস ক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা প্রমূখ।

 

এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!