সাইফুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা ও নগরকান্দায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এক দফা দাবী আদায়ের আন্দোলনে মাঠে দেখা যাচ্ছেনা বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে সালথা ও নগরকান্দায় প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কয়েক হাজার নেতাকর্মী প্রতিবাদ মিছিল ও মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
প্রতিবাদ মিছিলের সময় শাহাদাব আকবর লাবু চৌধুরী বিএনপি জামায়াতকে হুশিয়ারী করে বলেন, অবরোধের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপি ও কোনো অপশক্তির নেই। বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, টেক ব্যাক বাংলাদেশের নামে বিএনপি দেশকে ব্য’র্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বিএনপি-জামায়াত দেশকে আগের স্থানে নেওয়ার চেষ্টা করছে। তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও শুরু করেছে। পুলিশ পিটিয়ে হত্যা করেছে। আমার এলাকায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না।
projonmo21.com Popular bangla online newsportal