সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শাহনাজ বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শাহানাজ বেগম উপজেলার যদুনন্দী ইউনিয়নের আঠারো-খারদিয়া গ্রামের মাহাফুজ শেখের স্ত্রী।
আজ বুধবার (০১ নভেম্বর) ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার দুপুর ১ টার দিকে শাহানাজ বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে মারা যান তিনি।
ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ৩৯ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal