সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় টর্নেডোতে সব হারিয়ে খোলা আকাশের নিচে হোসনেয়ারা

সালথায় টর্নেডোতে সব হারিয়ে খোলা আকাশের নিচে হোসনেয়ারা

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় টর্নেডোতে সব হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন হোসনেয়ারা বেগম (৪৫) নামের এক নারী।

গত বৃহস্পতিবার বিকালে টর্নেডোতে কেড়ে নিয়েছে অসহায় হোসেনয়ারা বেগমের মাথা গোঁজার ঠাঁইটুকু। উপায়ন্তর না পেয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন তিনি।

 

হোসনেয়ারা সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী চর পাড়া গ্রামের মৃত রায়েব আলী মোল্লার স্ত্রী। টর্নেডোর আঘাতে নারকেল গাছ তার ঘরের উপর পড়লে সে দৌঁড়ে বের হওয়ার সময় তার বাঁ হাতে প্রচণ্ড ব্যাথা পান। টর্নেডোতে ঘর বিধ্বস্ত হওয়া বৃষ্টিতে ঘরের প্রায় সব মালামাল ও খাবার নষ্ট হয়ে যায়।

 

হোসেনয়ারা বেগম বলেন, আমার স্বামী ছোট ছোট ৪টি বাচ্চা রেখে অনেক আগে মারা গেছেন। অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে সংসার চলে। গত বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকালে টর্নেডোতে আমার ঘরের উপর নারিকেল গাছ পড়ে আমাদের থাকার ঘর ভেঙ্গে গেছে। এখন নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছি। ভাঙা ঘর মেরামত করবো সেই টাকা আমার কাছে নেই।

তিনি আরো বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আতমা হালিম সাহেব এসে দুই বান্ডিল করে ঢেউটিন, নগদ ৫ হাজার টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার তেল দিয়ে গেছেন। তাছাড়া সরকারি বা ব্যক্তিগত কোন সাহায্য সহযোগিতা আমি পাই নাই। আমার এই ঘর মেরামত করার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

 

এ বিষয়ে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, গ্রামের একপাশে হওয়ায় ওই মহিলার বাড়ি কারো চোখে পড়েনি। বিষয়টি আমি জানতে পেরে খোঁজ খবর নিয়েছি। হোসনেয়ারাকে ঘর তোলার জন্য সহায়তা করা হবে।

 

এব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি আমার জানা ছিলো না, বল্লভদী ইউপি চেয়ারম্যানের ও গ্রাম পুলিশের সাথে কথা বলে যাঁচাই করে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামে আকস্মিক টর্নেডোতে ২৫টি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়। অসংখ্য গাছপালা ভেঙে যায়। বিদ্যুতের তার ছিড়ে অন্ধকার হয়ে যায় পুরো একটি গ্রাম। এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে টর্নেডোতে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আতমা হালিম।

 

এর আগে দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;