কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে র্যালীটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো.আজিজুর রহমান। আলোচনা সভাটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, বক্তারপুর ইউনিয়ন পরিষদের সচিব মো.নজরুল ইসলাম, বাহাদুরসাদী ইউপি উদ্যোক্তা পুলক দাস, স্কুল শিক্ষার্থী শাহাদাত হোসেন আকন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারন জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।
projonmo21.com Popular bangla online newsportal