কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ থানার ওসি(তদন্ত) সাব্বির রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইশরাত জাহান, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনজুমা আরা, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মূলত জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেসকো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষা প্রসারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। স্বাধীন-সার্বভৌমত্বের বাংলাদেশের সমৃদ্ধির জন্য শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী বেশ প্রয়োজন। আর তা ক্রমেই বিকশিত হচ্ছে। বাংলার মানুষকে নিরক্ষরতামুক্ত করা সময়ের দাবি। এজন্য প্রয়োজন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা
projonmo21.com Popular bangla online newsportal