সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সালথা উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। এ সময় নবাগত সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মো. আনিছুর রহমান বালী। আগে তিনি বিশ্বব্যাংকে কর্মরত ছিলেন।
সালথা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও মো: আক্তার হোসেন শাহিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠন ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও মো: আক্তার হোসেন শাহিনকে। এ সময় নবাগত ইউএনও মো. আনিছুর রহমান বালীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সালথা উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বী নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, বিদায়ী ইউএনও মো: আক্তার হোসেন শাহিন, নবাগত ইউএনও মো. আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন, সালথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে মো: আক্তার হোসেন শাহিন বলেন, ভালো থাকুক সালথা উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
জানা যায়, ২০২২ সালের ২৪ অক্টোবর সালথার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো: আক্তার হোসেন শাহিন। এর আগে তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে পদোন্নতী পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করবেন তিনি।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সালথা উপজেলায় কর্মকালীন সময় মো: আক্তার হোসেন শাহিন সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছেন। বলা যায় তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পড়েছে।
এর আগে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান মো: আক্তার হোসেন শাহিকে।
projonmo21.com Popular bangla online newsportal