সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেনের ব্যক্তিগত ফোন নম্বর ক্লোন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নম্বরটি ক্লোন করে বিভিন্ন মানুষের কাছে নগদ ও বিকাশে টাকা চাওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
তবে গত রবিবার (২০ আগস্ট) নম্বরটি ক্লোন করা হলেও সোমবার রাত ১০টা পর্যন্ত আইনী কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু সোমবার দুপুরে জনসাধারণকে সতর্ক করার জন্য সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে।
ওই ফেসবুক পোস্টে বলা হয়, সহকারী কমিশনারের (ভূমি) ব্যক্তিগত নম্বর ক্লোন করে প্রতারক চক্র প্রতারণা করছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।
ভুক্তভোগী সালথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) শাহাদাত হোসেন বলেন, গতকাল রবিবার থেকে আমার ব্যক্তিগত ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। ওই দিনই আমার অফিস সহকারীকে ফোন করে একটি নগদ নম্বর দিয়ে ৬ হাজার টাকা পাঠানোর কথা বলে প্রতারক। পরে বিষয়টি আমাকে জানায় ওই অফিস সহকারী।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি। কিছু তথ্য সংগ্রহ করে মঙ্গলবার থানায় অভিযোগ দেওয়া হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, গত রবিবার এসিল্যান্ডের ফোন নম্বরটি ক্লোন করা হয়। নম্বরটা ক্লোন করে বিভিন্ন জনের কাছে নগদ ও বিকাশে টাকা চাওয়া ও ফ্যাক্সি লোডের কথাও বলা হয়। আমরা বিষয়টি সোমবার বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এসিল্যান্ডের ফোন নম্বরটি ক্লোন করার বিষয়টি শুনেছি। এ ঘটনায় থানায় একটি জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal