সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় নাঈম মোল্যা লায়ম (২৪) নামে এক প্রবাসীর যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের চরবল্লভদী মোল্যার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চরবল্লভদী গ্রামের সাহেদ আলী মোল্যার ছেলে। তিনি অবিবাহিত।
বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন জানান, জীবিকার তাগিদে কয়েক বছর ধরে নাঈম সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। মাসখানেক আগে বিয়ে করার জন্য ছুটিতে তিনি দেশের বাড়িতে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাঈম তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় চরবল্লভদী মোল্যার মোড় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গাগামী অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাকি বিষয়গুলো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal