সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ফিল্মি স্টাইলে র‍্যাবের পোশাক পরে ১০ লক্ষ টাকা ছিনতাই

কালিয়াকৈরে ফিল্মি স্টাইলে র‍্যাবের পোশাক পরে ১০ লক্ষ টাকা ছিনতাই

 

দেলোয়ার হোসেন সিকদার

কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরে কালিয়াকৈরে র‍্যাবের পোশাক পরে ফিল্মি কায়দায় এক ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনাটি ঘটেছে গত ১০ আগস্ট বৃহস্পতিবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর টু কলেজ রোড এলাকার ফ্লাইওভারের উত্তর পাশে। ভুক্তভোগী দুলাল উদ্দিন দুদুমিয়া একজন মসলা ও মুদি ব্যবসায়ী। কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় তার একটি মসলা ও মুদি দোকান রয়েছ। দুদুমিয়া জানান, গত বৃহস্পতিবার চারটার দিকে কালিয়াকৈরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা হতে ৮ লক্ষ টাকা তোলেন এবং আরও ২ লক্ষ টাকা মোট ১০ লক্ষ টাকা নিয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান উপজেলার সাহেব বাজার এলাকায় যাচ্ছিলেন। ছিনতাইকারীরা ব্যাংকের পাশে আগে থেকেই উৎপেতে ছিলেন। দুলাল উদ্দিন দুদুমিয়া বলেন, তিনি যখন ফ্লাইওভারের সামনে পৌঁছান, দুজন মোটরসাইকেলে তার গতিরোধ করেন এবং অদূরে অপেক্ষারত একটি সাদা প্রাইভেট কার এসে র‍্যাবের পোশাক পরা ও অস্ত্র সহ দুলাল উদ্দিন দুদু মিয়াকে তাদের গাড়িতে তুলে নেয়।

দুলাল উদ্দিন দুদু মিয়া আরও বলেন, গাড়িতে তুলেই তারা আমার চোখ, হাত, পা বেঁধে ফেলে, সাথে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। এবং গাড়িতে আমাকে বেদম মারপিট করে, সাথে থাকা টাকার ব্যাগও ছিনিয়ে নেয়”। দুদু মিয়া আরও জানান, ছিনতাই কারীরা বলাবলি করেন যে, আমাকে মেরে ফেলবে। অপর একজন বলেন, না একেবারে মেরে ফেললে ঝামেলা হবে।

ঘটনার আধাঘন্টা পর টাঙ্গাইল জেলার ধল্লা ব্রীজ এলাকায় আমাকে ফেলে দিয়ে তারা ঢাকার দিকে চলে যায়”।

এ ব্যাপারে দুলাল উদ্দিন দুদুমিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ম্যানেজার মাহফুজুল হক বলেন, ব্যবসায়ী দুলাল উদ্দিন দুদুমিয়া গত বৃহস্পতিবার বিকেল চারটার কিছু আগ মুহূর্তে আমাদের শাখা হতে ৮ লক্ষ টাকা তুলে নেন।আর যে স্থানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে ব্যাংক থেকে প্রায় ৫০০ গজ দূরে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলি খান জানান, অভিযোগ পেয়ে ভুক্তভোগীর সাথে কথা বলে এবং বিভিন্ন সিসিটিভির ফোটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;