কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৫ যাত্রী আহত হয়েছে।
বুধবার (৫ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা রেল স্টেশনের অদুরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমুলিয়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমদাদুল জিহাদি।
তিনি জানান, নিহত আলামিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ফাঁড়ি ইনচার্জ আরোও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ট্রেন কালীগঞ্জ উপজেলা আড়িখোলা রেল স্টেশনের অদূরে কাপাসিয়া রোড রেলগেইট অতিক্রম করার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের (রেজি: নং ঢাকা-মেট্রো-ঘ ১৫-০৯৮৩) সাথে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক আলামিন নিহত হন। এই ঘটনায় মাইক্রোবাসের আরো পাঁচ যাত্রী আহত হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal