সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে তিন ডায়াগনষ্টিক সেন্টারকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে তিন ডায়াগনষ্টিক সেন্টারকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ডায়াগনষ্টিক সেন্টার চালু রাখায় ও মেয়াদোর্ত্তীণ লাইসেন্সে ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনার দায়ে তিনটি ডায়াগনষ্টিক সেন্টারকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট । গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌরসভা ও জামালপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এ আর্থিক জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা সূত্রে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এবং মেয়াদোর্ত্তীণ লাইসেন্সে দিয়েই ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল খোলে সেবা দেয়ার নাম করে অতিরিক্ত মূল্যে বিভিন্ন পরীক্ষা করে আসছিল কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল, নুবহা জেনারেল হাসপাতাল এবং জামালপুর আয়েশা মেমোরিয়াল ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতাল। ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করে আর্থিক জরিমানা এবং চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠানের মালিকপক্ষ তারা তাদের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখে।
বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম মনজুর-এ-এলাহির উপস্থিতিতে তিনটি ডায়াগনষ্টিক সেন্টারের অভিযান পরিচালনা করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং ‘দি মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক ল্যাবরেটরি অর্ডিন্যান্স ১৯৮২ এর ৯ ধারা অনুযায়ী ওই তিন ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করা হয়। এদের মধ্যে জামালপুর নুবহা জেনারেল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ২০২০ সালে উত্তীর্ণ হলেও তা নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে যাওয়া এবং চিকিৎসকদের নামের পাশে অতিরক্ষিত তথ্য প্রচারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালের লাইসেন্সে না থাকায় এবং চিকিৎসকদের নামের পাশে অতিরক্ষিত তথ্য প্রচারের দায়ে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়া কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে, কর্তৃপক্ষ তা নবায়ন না করেই সেবা কার্যক্রম পরিচালনা করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহি বলেন, উক্ত প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীতই কার্যক্রম পরিচালনা করার অভিযোগে পূর্বে একাধিকবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা এবং চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশা দেয়া হয়েছিল। এরপরও তারা নির্দেশনা অমান্য করেই প্রতিষ্ঠান খোলা রেখে সেবা দেয়া অব্যাহত রাখে। এমন তথ্য পেয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!