সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ভিক্ষুকসহ চার দিনমজুরের বসতবাড়ি। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব অসহায় ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাঈম মুন্সী জানান, শুক্রবার রাত ৯টার দিকে মাঝারদিয়া গ্রামের ভিক্ষুক কৈতুরী বেগমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে কৈতুরী বেগমসহ দিনমজুর হাবিবুর রহমান, জাফর মোল্যা, জিল্লু শেখ ও আবুল খায়েরের পাঁচটি টিনের বসতঘর ও তিনটি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
মাঝারদিয়া গ্রামের বাসিন্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম বলেন, কৈতুরী বেগম একজন বিধবা নারী। স্বামী মারা যাওয়ার পর তিনি ভিক্ষা করে পেট চালান। আর বাকিরা সব দিনমজুর। এরা সবাই দিন আনে দিন খায়। সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে বাড়িতে কেউ দোচালা কেউ চার চালা টিনের ঘর তুলেছিল। আজ নিমিষেই সবার ঘরসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেল। এতে সকলেই নিঃস্ব হয়ে গেল।
সালথা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে সালথা ও নগরকান্দার চার ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
projonmo21.com Popular bangla online newsportal