কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। পাশাপাশি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহায়তা হিসেবে ঢেউটিন ও আর্থিক চেক প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার রাতে ইউএনও মো.আসসাদিকজামান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। বেশি ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন বলেন, কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি পরিবারের ৮টি ঘর পুড়ে যায়। পরে আমরা যাচাই-বাছাই করে ২টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং কম ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়।
ইউএনও আসসাদিকজামান বলেন, আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া ৪টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ঘটনাটি জানার পর আমি তাদের কাছে ছুটে গেছি এবং আমার সাধ্যমত ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারদের তিনি নগদ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামে তালাবদ্ধ একটি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় ৪টি পরিবারের ৮টি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঃ
projonmo21.com Popular bangla online newsportal