মেহেরপুর সংবাদদাতাঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরে দুই ভাইকে হত্যার দায়ে ৯ জনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রতিজন কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। ২ এপ্রিল রোববার দুপুর ১২টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন । মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কাজীপুর গ্রামের আব্দুল হালিম, আতিয়ার রহমান, জালাল উদ্দীন, শরিফুল ইসলাম, শরিক আলী, দবির উদ্দীন, আজিজুল হক, মনির হোসেন ও ফরিদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ জুন সকালের দিকে কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মাঠ থেকে ওই গ্রামের ডাকঘর পাড়ার কিয়ামুদ্দীনের দুই ছেলে আবুজেল (৩৫) ও রফিকুল ইসলাম (৪০) এর ক্ষতবিক্ষত রক্তত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে তৎকালীন মেহেরপুর পুলিশ সুপার আব্দুল্লাহিল বাকি ও র্যাব-৬ (গাংনী) ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান এবং গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলার বিবরণে আরো জানা গেছে, ২০১২ সালের ৫ জুন কাজীপুর এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান ধরা পড়ে। ওই ঘটনায় আবুজেল ও রফিকুল ইসলামের ফেনসিডিল ধরিয়ে দেয়ার সঙ্গে হাত রয়েছে এমন অভিযোগ তোলা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ১৫ জুন দিবাগত রাতে বিষয়টি মীমাংসা করবে বলে দুই ভাইকে মোবাইল ফোনে ডেকে নেয় আসামীরা। পরদিন (১৬ জুন) সকালে কাজীপুর গ্রামের মন্ডল বর্ডারপাড়ার বাংলাদেশ ভারত ১৪৫ নং/এস-৬ নং সীমানা পিলারের কাছ থেকে বাংলাদেশ সীমানার ভেতরে ৭০-৭৫১ দক্ষিণে লাল্টুর মরিচ ক্ষেত থেকে তাদের দুই ভাইয়ের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ওই সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
projonmo21.com Popular bangla online newsportal