নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে নির্মানাধীন কারখানার ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ ঘটনা ঘটে। কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা ঠিকাদারের অধীনে দৈনিক মজুরী ভিত্তিতে ওই কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলো। ঘটনার পর থেকে ঠিকাদার ইব্রাহিম খান পলাতক রয়েছে।
এ ঘটনায় শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, আরমাদা স্পিনিং কারখানায় সকাল ৮টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও আমার সকাল ৯টা ১০ মিনিটে খবর পাই। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ৯টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌছি। কারখানায় প্রবেশে করে দেখতে পাই ওই কারখানার পশ্চিম পাশের তিন তলা ভবন নির্মাণের কাজ চলছে। দৈনিক হাজিরা ভিত্তিতে তিন নির্মাণ শ্রমিক কাজ করছিল। এসময় তারা ২৫ মিলি রড উপরে উঠানোর সময় কাত হয়ে পাশ দিয়ে (কারখানার বাহির দিয়ে) যাওয়া ১১ হাজার ভোল্টের লাইনে পড়ে গেলে সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই এবং উদ্ধার করি। তাদের শরীর একটু ঝলানো অবস্থায় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস, শ্রীপুর থানা পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমাদের পক্ষ থেকে স্থানীয় থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করবো।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মাওনা জোনাল) অফিসের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আহমদ শাহ আল জাবের জানান, সকাল ৯টার দিকে হঠাৎ আমাদের দক্ষিন পাশের লাইন বন্ধ হয়ে যায়। পরে খবর নিয়ে জানতে পারি কেওয়া পূর্ব খন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের বিদ্যুৎ কর্মীরা রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত জেরে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal