সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
অবশেষে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।

তিনি বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রায় মোহনের সঙ্গে একটি মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত দুই মাস ধরে তাদের সম্পর্ক ব্রেকআপ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মার্চ দুই পরিবারের লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে সালিস করে। সেই সালিসে উভয়ের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ মার্চ সালথায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবা, চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার রায়ের বিরুদ্ধে। ঘটনার পর চব্বিশ ঘণ্টার মধ্যে বিচার না পেলে আত্মহত্যার হুমকি দেন ফরিদপুরের একটি সরকারি কলেজের শিক্ষার্থী ও আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের ইভটিজিংয়ের শিকার ওই তরুণী।
১৩ মার্চ বিকালে স্থানীয় সংবাদ পত্র অফিসে দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগি সেই কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা। একই দিনে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায় এর বিরুদ্ধে আনীত অভিযোগের সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal